দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
সম্প্রতি ইসির অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
ইসির বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা এখন আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করে ডাকযোগে ভোট দিতে পারবেন। এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য, এনআইডি ও পাসপোর্ট দিয়ে আবেদন করতে হবে। আবেদন যাচাইয়ের জন্য অ্যাপে ফেস রিকগনিশন ও লাইভনেস টেস্ট সম্পন্ন করা হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠানো হবে। ভোট দেওয়ার পর ব্যালট পেপার পুনরায় ডাকযোগে নির্বাচন কমিশনের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। অ্যাপ ডাউনলোড ও তথ্য জানার জন্য ইসির ওয়েবসাইট এবং ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করা যাবে।
বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্যালট পৌঁছানোর পর, ভোট প্রদান শেষে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছ পর্যন্ত পৌঁছাতে সর্বনিম্ন ১৭ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি।
ইসির তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ৩০ লাখের মতো বাংলাদেশি প্রবাসী রয়েছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের মধ্য থেকে অন্তত ৫০ লাখ প্রবাসীর ভোট দেওয়া প্রয়োগ নিশ্চিত করতে কাজ করছে ইসি। কমিশন জানিয়েছে, প্রবাসীদের ভোটগ্রহণ নিশ্চিত করতে ৪০০ কোটি টাকা ব্যয় করবে সরকার। ভোটারপ্রতি ব্যয় হবে ৭০০ টাকা।
কমিশন আরও জানিয়েছে, দেশে ভোটগ্রহণ অনুষ্ঠানের অন্তত ২০ দিন আগে একজন প্রবাসী ভোট দেবেন। এক্ষেত্রে ভোটার বর্তমান যে ঠিকানায় নিবন্ধন করেছেন, সেই ঠিকানায় একটি খামে একটি ব্যালট পেপার ও দুটি খাম যাবে। আর ভেতরে থাকা একটি খামে আসন ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা থাকবে। ভোটার কলম দিয়ে নির্ধারিত উপায়ে ব্যালট পেপারে তার ভোট দিয়ে তা আবার রিটার্নিং কর্মকর্তার ঠিকানা লেখা খামে ভরে ডাকযোগে পাঠিয়ে দেবেন। সেই ভোট জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা থাকবে। ভোটের দিন সেগুলো সংশ্লিষ্ট আসনে দেশের ভোটের সঙ্গে গণনা করা হবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team